সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি কিন্তু সবসময় বলি যে বাণিজ্য আর রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, আরও ১০ টাকা করে (কেজিতে) বেশি লাগবে। আমি যদি ভারত থেকে চাল প্রতিযোগিতামূলক দামে পাই তাহলে অন্যখান থেকে আনব না।ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এখন মোটামুটি অবস্থায় রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বৈদেশিক বিষয়ে তো রেটরিক্স (বাগাড়ম্বর) অনেক বেশি হয়।রাজনীতিবিদরা এমন রেটরিক্স করে। রাজনীতিবিদরা কথা বলে বাসায় গিয়ে বলেন, যা বলছি বলার জন্য বলছি। তো সে রকম রেটরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি সম্পর্ক খুব একটা খারাপের দিকে যাবে না।আমরা চেষ্টা করছি।অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য কী কাজ করছে- এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সম্পর্কটায় কাজ হচ্ছে। কয়েক দিন পর জানতে পারবেন। ভারতের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা অবহিত আছেন। এত বিস্তারিত বলা যাবে না।