গুগল ম্যাপ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকার আলফা ব্রডওয়ে সিস্টেম দোকানের সামনে।ভিডিওতে ওই দোকানের সাইনবোর্ডও দেখা যায়।ভিডিওটি শেয়ার করে কেউ কেউ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশে। গুগল ম্যাপেও দেখা গেছে, মাদ্রাসাটি ম্যানহোল থেকে খুব বেশি দূরে নয়।রাজধানীর বিভিন্ন এলাকায়, প্রধান সড়ক থেকে অলি-গলি পর্যন্ত, অহরহ ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটছে।গত কয়েক মাসে এই চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। ঢাকনা না থাকার কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা নগরবাসীর চলাচলে বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে।শুধু ঢাকনা নয়, সারা দেশেই চোরদের উপদ্রব অসহনীয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন নির্মিত সড়ক থেকে একসঙ্গে ৪১টি ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার ঘটনা এখনো স্মরণীয়।চোরদের নজর কেবল ম্যানহোলে নেই; তারা টিউবওয়েল, বিদ্যুতের তার, লোহার সামগ্রী, মোটর—সবকিছুই চুরি করছে।