রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সতর্কবার্তা দিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আগামী দিনের চ্যালেঞ্জ ও প্রশাসনের প্রতি তার অনড় মনোভাবের কথা তুলে ধরেন।
সালাউদ্দিন আম্মার তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে যারা বিভিন্ন ক্যাম্পাসের হাল ধরেছিলেন, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ। বিশেষ করে রাকসু সভাপতি ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের প্রশংসা করে তিনি বলেন, তিনি (উপাচার্য) নির্বাচন আয়োজন এবং ফান্ডের স্বচ্ছ হিসাব বুঝিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
আগামী দিনগুলোতে প্রশাসনের প্রতি দুটি বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাকসু জিএস বলেন, “আগামী বছর যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে এবং কোনোভাবেই ‘পোষ্য কোটা’ ফেরত আনা যাবে না। এই দুটি বিষয়ে কোনো আপস করা হবে না।”
নতুন প্রশাসনের উদ্দেশে তিনি কিছুটা সতর্কবার্তাও প্রদান করেন। আম্মার লেখেন, “ভিসি মহোদয়গণ যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তবে অচিরেই হয়তো তাদের ওপর ‘জামায়াতী ভিসি’ তকমা সেঁটে দেওয়া হতে পারে।তাদের জন্য আগাম অভিনন্দন রইল।”প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘রাবির বিগত প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি, আর বর্তমান প্রশাসনকেও কোনো ছাড় দেওয়া হবে না—এটি আমার ওয়াদা।’
এ ক্যাটাগরির আরো নিউজ..