ময়মনসিংহ জেলা থেকে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। জেলার দুই সংসদীয় আসন থেকে নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা বেড়েছে।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের এ নিয়োগকে স্থানীয়রা জেলার জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন।
জানা গেছে, ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি গৌরীপুর এলাকায় সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। অন্যদিকে ইয়াসের খান চৌধুরী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইয়াসের খান চৌধুরীর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও রয়েছে।তার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান। ইয়াসের খান চৌধুরী পেশাগতভাবে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন লন্ডনে BBC টেলিভিশন নেটওয়ার্কের আইটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। বিদেশে অবস্থান করলেও তিনি সক্রিয়ভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।এক জেলা থেকে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়ায় ময়মনসিংহের মানুষের প্রত্যাশা বেড়েছে। স্থানীয়রা মনে করছেন, এ সুযোগকে কাজে লাগাতে পারলে জেলার উন্নয়ন ও বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..