ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী এবং খেলাফত মজলিস বাংলাদেশ সমর্থিত অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমাদ খন্দকার আজ (শনিবার) দুপুর ১টায় উত্তরা সেক্টর ৬-এ অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সামনে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
সম্প্রতি নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর পূর্বাচলে খুঁজে পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনকে দেখতে যাওয়ার পরই তিনি এই সংবাদ সম্মেলন করেন।সাংবাদিক সম্মেলনে অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমাদ খন্দকার বলেন যে, কে এম মামুনকে গুম করা হয়েছিল এবং পাঁচ দিন পর তাকে ফেরতও দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কারা এই গুমের ঘটনার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করা যায়নি এবং এ বিষয়ে প্রশাসন নীরব রয়েছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিখোঁজের পাঁচ দিন পর কে মামুনকে পাওয়া গেলেও তাকে কারা গুম করেছিল, তাদের এখনো খুঁজে বের করা হয়নি বা এ বিষয়ে প্রশাসন নীরব।”এই প্রেক্ষাপটে তিনি ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে কে মামুনকে গুমকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে উত্তরার রাজপথে কঠোর আন্দোলন শুরু করা হবে।তিনি আরও উদ্বেগের সঙ্গে বলেন, “আজকে কে মামুনকে গুম করা হয়েছে, কালকে আরেকজনকে গুম করা হবে, পরশু অপরজনকে গুম করা হবে। আমরা কেউ নিরাপদ না।”অধ্যাপক খন্দকার তাঁর বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান, “তিনি যেন নাগরিক নিরাপত্তা নিশ্চিত করেন।”সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।