মালয়েশিয়া সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড ইক্সপো ২০২৫ (SITE 2025) শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। সাবাহ ইন্টারন্যাশনাল কনভার্শন সেন্টারে ( এসআইসিসি) ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনের উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ এর বুথ পরিদর্শন করেন।বাংলাদেশের বুথে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এ সময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান। ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া এই মেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রাণ এর বিভিন্ন পণ্যসামগ্রীসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানিপণ্যের প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে এবং প্রাণের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণ এর জন্য সম্মাননা সনদ প্রদান করেন।







