শনিবার (১৮ অক্টোবর) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে যোগদান করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত মালাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (এম আই টি সি) এ ১৬-১৯ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ আসরে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০ টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বিভাগের (ধর্মীয় বিষয়ক) মন্ত্রী সিনেটর দাতো’ সেতিয়া ড. হাজী মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার এবং ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এর আঞ্চলিক ধর্মীয় মন্ত্রীদের প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদ এর অন্যান্য সদস্য ও মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর সহযোগিতায় বরাদ্দকৃত বুথে বাংলাদেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান “প্রাণ” এই মেলায় অংশগ্রহণ করে এবং তাদের বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শনী করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্যান্য স্টলের পাশাপাশি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ ও অন্যান্য অতিথিবৃন্দ।এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিণী ম্যাডাম ফারজানা নাসরিন তাদেরকে স্বাগত জানান এবং বাংলাদেশের বুথে প্রদর্শিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য যেমন তৈরী পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ওষুধসামগ্রী, চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, খাদ্য ও পানীয় সামগ্রী প্রভৃতি সম্পর্কে সকলকে অবহিত করে হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার মুখ্যমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামীতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহের এই মেলায় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শন শেষে মূখ্যমন্ত্রীকে বাংলাদেশি বিভিন্ন পণ্যসামগ্রী প্রদান করা হয়।এ সময় অন্যান্য অতিথিবৃন্দসহ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তাওসিফ কবির, বিভাগীয় প্রধান, সাউথ ডিভিশান (মালাক্কা ও জহরবারু), মোহাম্মদ পারভেজ, আঞ্চলিক ম্যানেজার, (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) ও তারেকুর রহমান আকাশ, মার্কেটিং এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।মেলার শেষ দিনে মেলায় সফলভাবে অংশগ্রহণ এর জন্য আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।