মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মীয়মাণ একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে তামিম মিয়া (২৬) নামে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা কাজল মাহমুদ বাপ্পি। নিহত তামিম মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হারুন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০১৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তামিম। সেখানে তিনি শাহ আলম শহরে একটি কনস্ট্রাকশন কম্পানির অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রায় ১১ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরে যান তিনি।প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তামিম একটি নির্মীয়মাণ বহুতল ভবনের কাজ করছিলেন।কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের ২৩ তলা থেকে নিচে পড়ে যান। প্রায় ১০ তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা কাজল মাহমুদ বাপ্পি জানান, কাজ করার সময় হঠাৎ করে ভারসাম্য হারিয়ে তামিম নিচে পড়ে যান। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি।বর্তমানে তার মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কম্পানির মালিক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..