যশোরের অভয়নগরে দুই মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৪৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অপর মোটরসাইকেলর চালক মো. রানাকে (২৪) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত যশোর কোতয়ালী থানার ঘোপ জেল রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে।আহত রানা অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মহাকাল গ্রামের মো. রাজুর ছেলে।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে আমডাঙ্গা স্লুইস গেটের ওপর দিয়ে যাচ্ছিলেন খুলনাগামী দুই মোটরসাইকেলচালক। পাশাপাশি যাওয়া দুই মোটরসাইকেলের পেছনে একটি ট্রাক আঘাত করলে মোটরসাইকেল দুটি মহাসড়কে আছড়ে পড়ে। এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।অপর মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘মোটরসাইকেলচালক সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপর মোটরসাইকেলচালক রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’







