ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের অনুদানে শিক্ষা সহায়তা ও মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের মানবিক সংগঠন ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে এবং বিএমএ ৭৩এল/সি-এর অর্থায়নে গাজায় প্রতিষ্ঠিত হয়েছে আল-ফুরকান তাহফিজ আন্তর্জাতিক মাদরাসা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় ‘সাদকাহ জারিয়াহ’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে সব বয়সী শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কুরআন হিফজ ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।প্রাথমিকভাবে গাজার শিক্ষাবঞ্চিত প্রায় ৪০ জন শিশুকে নিয়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থীর কাছে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সংগঠনটির প্রতিনিধিরা জানান, চলমান সংঘাতের কারণে গাজার বিভিন্ন এলাকায় মসজিদ ও মাদরাসা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইমামের সংকট তৈরি হয়েছে। অনেক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি বহু ইমাম নিহত হয়েছেন। এ বাস্তবতায় ভবিষ্যতের জন্য দক্ষ হাফেজ ও ইমাম তৈরির লক্ষ্য নিয়েই এই মাদরাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গাজায় মানবিক সংকট মোকাবিলায় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহেও কাজ করছে সংগঠনটি। তারা জানান, সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো না যাওয়ায় অনেক মানুষ খাদ্য ও পানির সংকটে ভুগছে।
এরই মধ্যে সংগঠনটি রমজান মাসে গাজায় ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি এবং প্রায় ১ হাজার ৫০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছে। ভবিষ্যতেও ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি।
এ ক্যাটাগরির আরো নিউজ..