বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় এবং জীবনের প্রতিটি নিয়ামতের যথাযথ কদর করতে শেখায়।
বুধবার (৬ মার্চ) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আল্লাহ তাআলা বলেছেন, ‘রোজা যেমন পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, তেমনি তোমাদের ওপরও ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো’।”জামায়াত আমির বলেন, রোজার উদ্দেশ্য হলো, এগারো মাস আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামতে ভরপুর করে রাখেন।এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যেন উপলব্ধি করতে পারে যে, বাকি এগারো মাস তারা কত বড় বড় নিয়ামতের মধ্যে জীবনযাপন করেছে।
তিনি বলেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে কিয়ামতের দিন মানুষকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় এবং জীবনের প্রতিটি নিয়ামতের যথাযথ কদর করতে শেখায়।
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীরবিক্রম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমদ আলী কাসেমী ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ইসলামী চিন্তাবিদ সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী; বিশিষ্ট ইসলামী স্কলার, চিন্তক ও গবেষক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম; তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি ও সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন; তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মু. ইকবাল; তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান।
এ ছাড়া নবনির্বাচিত বিভিন্ন সংসদ সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দ, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইসলামী স্কলার, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..