রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১৫২ জন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় রাকসুর নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ১৫ হাজার ৪৬৮ জন ছাত্র এবং ৯ হাজার ৬৮৪ জন ছাত্রী রয়েছেন।অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো। রাকসুর ওয়েব সাইটে (https://www.ru.ac.bd/rucsu/) এবং সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে।’বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘খসড়া ভোটার তালিকায় কোনো আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট আবাসিক হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী তফসিলে উল্লেখিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে।’
কোন হলে কত ভোটার?
খসড়া তালিকা অনুযায়ী, ছাত্রদের ১১টি আবাসিক হলের মধ্যে শহীদ হবিবুর রহমান হলে সর্বোচ্চ ২ হাজার ৩৯৮ জন ভোটার রয়েছেন।অন্য হলগুলোর মধ্যে শের-ই-বাংলা হলে ৯৭২ জন, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭ জন, নবাব আব্দুল লতিফ হলে ৮১৭ জন, আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ জন, মতিহার হলে ১ হাজার ৬১৮ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২ জন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।ছাত্রীদের ছয়টি হলের মধ্যে জুলাই-৩৬ হলে সবচেয়ে বেশি ২ হাজার ১৫৩ জন ভোটার রয়েছেন। এ ছাড়া মুন্নুজান হলে ২ হাজার ৭ জন, রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪ জন এবং রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন ভোটার রয়েছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..