অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস চালুসহ ৮ দফা দাবিতে রাজধানীর মগবাজারে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী। শনিবার মগবাজার রেল ক্রসিং এলাকায় দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন’ ১০ মিনিট আটকে রাখেন আন্দোলনকারীরা।
পরে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করে দেন।সেলিম নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমরা আজকের কর্মসূচি শেষ করেছি।মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, দাবিগুলো দ্রুত বিবেচনা করা হবে।’তিনি আরো বলেন, ‘আজ সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকায় প্রতীকীভাবে ট্রেন আটকে রেখেছিলাম। তবে দাবিগুলো যদি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে আগামী ১৮ নভেম্বর রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’