নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮)। আসামি দুই ভাইকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তাররা আনোয়ার আলীর ২ ছেলে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ স্কোয়াড কমান্ডার শামসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।