ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়ন লিভারপুলের শিরোপা উদযাপনের মিছিলে একটি গাড়ি উঠে গেলে মুহূর্তে বিষাদের ছায়া নেমে আসে লিভারপুল শহরে। স্থানীয় সময় সোমবারের (২৬ মে) এই ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্দেহভাজন ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক লিভারপুল সমর্থকদের ভিড়ের ওপর গাড়ি তুলে দেয়।পরে লিভারপুল এরিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তি একজন ব্রিটিশ এবং লিভারপুলের স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, ‘ঘটনাটি সন্দেহভাজনের একক কর্মকাণ্ড বলে আমরা বিশ্বাস করি এবং এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।’ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাঢ় রঙের গাড়ি লিভারপুল ফুটবল দলের ট্রফি প্যারেড চলাকালে হঠাৎ উল্লসিত ভক্তদের ভিড়ের মধ্যে সজোরে ঢুকে পড়ে।এতে একাধিক ব্যক্তি ছিটকে পড়েন। গাড়ি থামার পর ক্ষুব্ধ জনতা চালককে লক্ষ্য করে হামলা চালাতে গেলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে ২০ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গাড়ির নিচে আটকে পড়েন একটি শিশুসহ চারজন।পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে হ্যারি রাশিদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার কাছ থেকে মাত্র ১০ ফুট দূরে গাড়িটি মানুষদের ওপর উঠে যায়। হর্নের শব্দ হচ্ছিল—একেকজন লোক যেন গাড়ির বাম্পার থেকে ছিটকে পড়ছে। আমার মেয়ে চিৎকার করতে লাগল, আর চারদিকে শুধু আহত মানুষ।’এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে শহরের রাস্তাজুড়ে হাজার হাজার লিভারপুল সমর্থক নাচে-গানে, পতাকা আর লাল ধোঁয়ার মধ্য দিয়ে উদযাপন করছিলেন প্রিয় দলের শিরোপা।খেলোয়াড়রা খোলা ছাদের বাসে ট্রফি প্রদর্শন করছিলেন, আর রাস্তাজুড়ে ছিল আনন্দ ও উল্লাস।লিভারপুল ক্লাব এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘লিভারপুলের ঘটনা মর্মান্তিক। আহত ও আক্রান্ত সকলের পাশে আমি থাকব। দ্রুত জরুরি সেবা দিতে পারায় আমি উদ্ধারকারীদের ধন্যবাদ জানাই।’ ঘটনার পর এক বিবৃতিতে লিভারপুল এফসি জানিয়েছে, তারা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।







