চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দিয়েছেন বরগুনার সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দেন তিনি।
এদিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মামুন। পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মামুন কথা বলেন। তিনি জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নেন। এরপর টানা ছয় মাস তাকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে একটি গোপন স্থানে আটকে রাখা হয়।
মামুন বলেন, ‘গুম অবস্থায় আমাকে টানা ছয় মাস অমানুষিক নির্যাতন করা হয়েছেআমি আগে প্রতিদিন পাঁচ মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম আর এখন আমি ঠিকমতো হাঁটতেও পারি না।’
টানা ছয় মাস গুম রাখার পর ২০১৫ সালের ২৩ আগস্ট তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে দাবি মামুনের। এরপর তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হয়। দুই দফা রিমান্ড শেষে তাকে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকতে হয়।
পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।শেখ হাসিনাসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানালেও তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন মামুন।
শারীরিক ও মানসিক এই নির্মম নির্যাতনের কারণে ২০২২ সাল পর্যন্ত মামুন বাংলাদেশ ছাড়তে পারেননি। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তিনি। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনেই তাকে সেখানে থাকতে হচ্ছে বলে জানান মামুন।
এ ক্যাটাগরির আরো নিউজ..