জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সরকারি দল ও বিরোধী দল—সবাইকে একমঞ্চে এনে সংসদকে কার্যকর করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী যে রাজনৈতিক সংস্কৃতি শুরু করেছেন, সেটি হচ্ছে সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া। এ জন্য বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে।’
গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংসদে একটি কার্যকর বিরোধী দল থাকা জরুরি বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি কালের কণ্ঠকে বলেন, ‘দেশে বিগত কয়েকটি সংসদে অনুগত বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল এবং একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে অবস্থান নেওয়া বিরোধী দল দেখা গেছে। গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা ছিল না। তবে এবারের নির্বাচনে সেই পরিস্থিতির অবসান হয়েছে।