খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে ব্যবসায়ী হত্যার ঘটনায় সন্ত্রাসীকে গ্রেফতারে সাহসী ভূমিকা রাখায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পুরস্কৃত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাত ২১:০০ ঘটিকায় খুলনা সদর থানাধীন ডাকবাংলা মোড় সংলগ্ন বাটা শোরুমের সামনে ভিকটিম মো. মাসুম বিল্লাহ (৪৭)-কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম তাৎক্ষণিক সাহসী ভূমিকা গ্রহণ করেন।
পরে জনসাধারণের সহযোগিতায় তিনি সন্ত্রাসী অশোক ঘোষ (৩৮)-কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করতে সক্ষম হন।
এ ঘটনায় সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১:৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সে পুলিশ কমিশনারের কার্যালয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।