প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্র্বর্তী সরকার প্রশাসন সংস্কারের কাজ শুরু করলেও বাস্তবে বিনিয়োগ পরিবেশে ইতিবাচক পরিবর্তন তেমন আসেনি।
অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য কমিয়ে ৫ শতাংশ করেছে। এডিবি সতর্ক করে বলেছে, ‘নতুন মার্কিন শুল্ক, ভূরাজনৈতিক উত্তেজনা ও ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগ ও রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।’
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ২৬টি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বাজারগুলোতে নেতিবাচক প্রবণতা নতুন মাত্রা যোগ করেছে।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ৬৩ শতাংশ। এ সময়ে রপ্তানি হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলার।
এর সঙ্গে শাকসবজি, মাছ, হিমায়িত খাদ্য, অপ্রচলিত পণ্য রপ্তানিও কমেছে। দেশের ভিতরেও ব্যবসার গতি কমেছে। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ২০২৫ বছরটি ছিল টিকে থাকার লড়াই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নিলে অর্থনীতির এ অচলাবস্থা কাটানোর প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশায় অনেকেই লোকসান দিয়ে হলেও ব্যবসাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখছেন।
তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতির বাইরেও বেসরকারি খাতে নানা কাঠামোগত সমস্যায় তারা জর্জরিত। উচ্চ সুদহার ও কঠোর ঋণনীতির কারণে বিনিয়োগ ব্যয় বেড়েছে। এক বছরে ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সেই অনুপাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা না বাড়ায় পণ্যের বিক্রি কমেছে ২০ থেকে ৩০ শতাংশ।
দেশের ব্যবসাবাণিজ্য ও অর্থনীতি যে কঠিন সময় পার করছে তা সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রকাশিত ‘বাংলাদেশ স্টেট অব দি ইকোনমি ২০২৫’ শীর্ষক প্রতিবেদন বলেছে, দেশের অর্থনীতি সংকটময় পরিস্থিতি পার করছে।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেছে। ব্যাংকগুলোর ঋণ বিতরণে ধীরগতি দেখা দিয়েছে। সুদের হার বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে উৎসাহী হচ্ছেন না। কর্মসংস্থান ও উৎপাদনে স্থবিরতা তৈরি হয়েছে। প্রতিবেদনে দুর্বল বেসরকারি বিনিয়োগ ও শিল্প কার্যক্রমকে প্রবৃদ্ধির বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী সরকারের জন্য তাই প্রধান অগ্রাধিকার হতে হবে বেসরকারি খাতে আস্থা ফিরিয়ে আনা। ব্যবসায়ীরা যেন ভয়হীন পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। আমরা এর লোক, তার লোক-এই নীতি বদলাতে হবে সবার আগে। মনে রাখতে হবে, বেসরকারি খাত আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কয়েকজন বাদে কোনো ব্যবসায়ীরই রাজনৈতিক পরিচয় নেই। তাদের পরিচয় একটাই তারা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যোদ্ধা। তাদের বাদ দিয়ে নয়, হয়রানি করে নয়, আস্থায় নিয়েই গড়তে হবে আগামীর বাংলাদেশ।