সম্প্রতি স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (সিমাগো) ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র্যাংকিং তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব গ্রহণের পরপরই র্যাংকিংসংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যাতে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নেওয়া যায়।তিনি আরো বলেন, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষক-সংকট নিরসনে উদ্যোগও নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাংকিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়টিকে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে কিভাবে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায়। এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।ওই কমিটির সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি রিসার্চ কনট্যাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সৎ ও দক্ষ শিক্ষকসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আরো ভালো অবস্থান অর্জনের লক্ষ্য রয়েছে।
সিমাগো ইউনিভার্সিটি র্যাংকিংয়ে চলতি বছরের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
সূচক ও মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, সিমাগো গবেষণা (৫০%), উদ্ভাবন (৩০%) এবং সামাজিক প্রভাব (২০%)-এই তিনটি সূচকের ভিত্তিতে সার্বিক র্যাংকিং নির্ধারণ করে।পাশাপাশি প্রতিটি সূচকে আলাদাভাবে অবস্থান প্রকাশ করা হয়। সিমাগো ইউনিভার্সিটি র্যাংকিংয়ে এ বছর মাভাবিপ্রবি উদ্ভাবনে দেশে দ্বিতীয়, গবেষণায় সপ্তম এবং সামাজিক প্রভাবে চতুর্দশ অবস্থানে রয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..