মার্কিন তদন্তকারীরা বৃহস্পতিবার প্রভাবশালী রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি ও ভিডিও প্রকাশ করেছে। একইসঙ্গে তারা জানিয়েছে, এই রাজনৈতিকভাবে সংবেদনশীল হত্যায় ব্যবহৃত বলে ধারণা করা রাইফেলটিও উদ্ধার করা হয়েছে।৩১ বছর বয়সী কার্ক ছিলেন লেখক, পডকাস্ট সঞ্চালক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থন গড়ে তোলায় তার বড় ভূমিকা ছিল।উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বুধবার বক্তব্য দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ট্রাম্প এ ঘটনাকে ‘ঘৃণ্য হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন।তদন্তকারীরা এখনও প্রকাশ্যে হত্যার উদ্দেশ্য নিয়ে কিছু বলেনি। তবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তার কাছে হত্যাকারীর উদ্দেশ্য নিয়ে কিছু ধারণা আছে ও তদন্তে বড় অগ্রগতি হয়েছে।এফবিআই ও রাজ্য কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, হামলাকারী অনুষ্ঠান শুরুর কয়েক মিনিট আগে ক্যাম্পাসে প্রবেশ করে। বাইরে প্রায় তিন হাজার মানুষের সামনে কার্কের ‘প্রুভ মি রং’ শিরোনামের বিতর্ক অনুষ্ঠান চলছিল। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি ছাদে উঠে কার্ককে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার ঘাড়ে লাগে।তিনি তখন গণহত্যা নিয়ে দর্শকের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন। গুলির পর উপস্থিত জনতা আতঙ্কে পালিয়ে যায়।এফবিআই হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। তারা নিরাপত্তা ক্যামেরার ঝাপসা কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কালো পোশাক, কালো সানগ্লাস ও গাঢ় রঙের বেসবল ক্যাপ পরা একজন সন্দেহভাজনকে। তার পোশাকে ছিল মার্কিন পতাকার ওপর উড়ন্ত এক বাল্ড ঈগলের ছবি।উটাহ কর্তৃপক্ষ আরো স্পষ্ট কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে সন্দেহভাজন যুবকের ব্যাগ ও কনভার্স জুতার বিস্তারিত দেখা যায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ছাদ থেকে নেমে আসার সময় ওই ব্যক্তি ভবনে হাতের ছাপ ও ডিএনএ উপাদান রেখে যায়। এরপর তাকে রাস্তা পার হয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গলের দিকে যেতে দেখা যায়। সেখানেই পুলিশ একটি উচ্চক্ষমতাসম্পন্ন বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে।এখনও হত্যাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে আইনপ্রণেতা, বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা ইতিমধ্যে তার মতাদর্শ নিয়ে নানা জল্পনা-কল্পনা করছেন।উটাহ গভর্নর স্পেনসার কক্স জনগণের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা জনগণের সহায়তা ছাড়া এখন কিছুই করতে পারব না।’ ইতিমধ্যে সাত হাজারের বেশি তথ্য পাওয়া গেছে এবং তদন্তকারীরা ২০০-র বেশি সাক্ষাৎকার নিয়েছেন।এফবিআই পরিচালক কাশ প্যাটেল ঘটনাস্থল পরিদর্শনে উটাহে গিয়েছেন এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যদিও তিনি বক্তব্য দেননি।
এ ক্যাটাগরির আরো নিউজ..