জানা গেছে, শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে।অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।



বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। শবনম পরেছিলেন ঐতিহ্যবাহী লেহেঙ্গাজাতীয় পোশাক, যেটি অনেকটা বেইজ-গোল্ডেন টোনে তৈরি।এতে সূক্ষ্ম সোনালি ও সিলভার রঙের এমব্রয়ডারি কাজ রয়েছে। গলায় ভারী সোনার নেকলেস সেট, কানে ঝুমকা, মাথায় টিকলি, নাকে নাকফুল এবং অন্যান্য গহনাও দেখা গেছে।

অন্যদিকে তানজিম তৈয়ব বিয়েতে পরেছিলেন ঐতিহ্যবাহী শেরওয়ানি স্টাইল কুর্তা। কুর্তার মূল রং সাদা, আর তার ওপরে হালকা বেইজ-ক্রিম রঙের ওয়েস্টকোট (নেহরু জ্যাকেট) পড়েছেন। দুজনের পোশাকের রঙের টোন কাছাকাছি—হালকা বেইজ, শ্যাম্পেইন আর সাদা শেডে। ফলে বর-কনের সাজ একে অপরের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গেছে।বিয়ের পর শবনম ফারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’

এর আগে, ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তখন অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। পরে জানা যায়, সেই খবর ভুয়া। আজ তানজিম তৈয়বকে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন ফারিয়া।