যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ঢাকার মেট্রো রেলের সময়সূচিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে ট্রেন চলাচল শুরু হবে সকাল ৬টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, যেখানে পূর্বের সময় ছিল রাত ৯টা।মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম চলাকালীনও এই সময়সীমার ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে। অর্থাৎ, কোনো ট্রেন খালি চলবে না।এ ছাড়া পিক আওয়ার বা ব্যস্ত সময়ে ট্রেনের সময়ের ব্যবধানও কমানো হয়েছে।এখন থেকে প্রতি ৪ মিনিট ১৫ সেকেন্ড পরপর একটি ট্রেন ছেড়ে যাবে, যা আগে ছিল সর্বনিম্ন ৬ মিনিট। এতে করে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং যাতায়াতে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএমটিসিএল সূত্র আরো জানায়, নতুন সময়সূচি চালু হলে মেট্রো রেলের সক্ষমতা আরো বাড়বে। বর্তমানে মেট্রো রেলে গড়ে প্রতিদিন ৪ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করেন।গত ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন যাত্রী পরিবহন করা হয়। নতুন ব্যবস্থায় দৈনিক যাত্রীসংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিষ্ঠানটির ধারণা।







