দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন সাংবাদিকসহ মোট ১৩ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে তিন দিনব্যাপী এই মেলাটি গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন— কালের কণ্ঠের চিফ বিজনেস এডিটর মাসুদ রুমী, এশিয়ান টিভির চিফ নিউজ এডিটর ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও এটিজেএফবি-এর যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ সুমন।এ ছাড়া প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন শুভাশীষ ভৌমিক।স্টোরিটেলিং ট্রাভেল ভ্লগার হিসেবে আর কে সোহান, উইমেন ট্রাভেল ভ্লগার হিসেবে জান্নাত দ্য লুনাটিক ট্রাভেলার, কাপল ও ফ্যামিলি ট্রাভেল ভ্লগার হিসেবে পেটুক কাপল এবং রাইজিং ট্রাভেল ভ্লগার হিসেবে জাস্ট এ মিনিট পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ফটো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে হৃদয়, বিপুল আহমেদ ও তন্ময় দাস। ভিডিও প্রতিযোগিতায় শাহরিয়ার হোসেন শিজু এবং গল্প লেখা প্রতিযোগিতায় সাজিব মাহমুদ পুরস্কার জিতেছেন।এবারের পর্যটন মেলায় দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করছে। এ ছাড়া পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক ও স্বাগতিক বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা মেলায় অংশ নিয়েছে।মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য তাদের বিভিন্ন সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে, যার মধ্যে রয়েছে দেশি ও বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং এবং আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ। সাইড লাইন ইভেন্ট হিসেবে বিটুবি সেশন, সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন রাখা হয়েছে। এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা রাখা হয়েছে, তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনাথীদের জন্য খোলা থাকবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..