প্রশ্ন : তাহলে এই তদন্ত কমিটি নিয়োগ করবে কারা?তামিম : আমি কিন্তু আগেও বলেছি স্বাধীন তদন্ত কমিটি হওয়া দরকার। সরকারই নিয়োগ দিক না। এটি অনেক বড় একটি ইস্যু। এই জিনিসটি কোনোভাবেই কোনো দিক থেকে কাম্য নয়। আবারও বলছি, দোষী যে-ই হোক, সঠিকভাবে তদন্ত করাটাই সবচেয়ে জরুরি কাজ। আর তদন্ত যদি আমরা ঠিকভাবেই করতে চাই, সে ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ কমিটির কোনো বিকল্প নেই। এর আরেকটি বড় কারণ হলো, আজকেও (গতকাল) পত্রিকায় দেখলাম যে আরো কিছু বড় অভিযোগ এসেছে। অভিযোগ এমন কয়েকজনের বিরুদ্ধে, যাঁরা বর্তমান ক্রিকেট বোর্ডেই আছেন। শুধুই অভিযোগ, উনারা কেউই এখনো দোষী নন। কিন্তু অভিযোগ যেহেতু তদন্তের ব্যাপার আছে, তাই একই সংস্থার কারো এর সঙ্গে সম্পৃক্ত থাকাটা কাম্য নয়।
প্রশ্ন : জাহানারা আলম মুখ খোলার পর থেকে লাগাতার অভিযোগ আসছেই। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
তামিম : হ্যাঁ, অনেক অভিযোগ আসছে। তবে আমি একই সঙ্গে আরেকটি কথা বলে রাখতে চাই, আমরা কেউ যেন ‘জাজমেন্টাল’ না হয়ে যাই। কেউ দোষী না নির্দোষ, সেটি তদন্তেই ঠিক হোক। এই অভিযোগগুলো অনেক বড় এবং খুব সিরিয়াস। আমি এগুলো সবই বুঝি। সে জন্যই সঠিক পথে তদন্ত হওয়াটা জরুরি। সেই সঙ্গে আরো জরুরি হচ্ছে, ভবিষ্যতে যেন এ ধরনের অভিযোগ আর কোনো জায়গা থেকে কখনো না আসে। সোজা কথা এ রকম কিছু নির্মূল করতে হবে।