ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।এখন আইনশৃঙ্খলার বাহিনীর প্রথম কাজ হচ্ছে হামলাকারীর পরিচয় শনাক্ত করা বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ডা. আদনান জানান, বিস্ফোরণের পর ১২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো জরুরি বিভাগ থেকে মর্গে স্থানান্তর করা হয়েছে।
এদিকে আইনজীবীদের প্রতিনিধিরা জানান, নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন, যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সঙ্গে ছিলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহসিন নাকভি বলেন, ‘আজ ইসলামাবাদে হামলার সঙ্গে অনেক সংযোগ রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রমাণ সামনে আনা হবে।যেই জড়িত থাকুক না কেন, এমনকি যদি সে অন্য কোনো দেশের নাগরিকও হয়, কাউকে ক্ষমা করা হবে না।’তিনি আরো বলেন, ‘দুই সপ্তাহ পর থেকে কোনো যানবাহন ই-ট্যাগ ছাড়া ইসলামাবাদে প্রবেশ করতে পারবে না।’ সূত্র : বিবিসি বাংলা।
এ ক্যাটাগরির আরো নিউজ..