কে এই রোমান গফম্যান?
১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া গফম্যান মাত্র ১৪ বছর বয়সে ইসরায়েলে অভিবাসন করেন।১৯৯৫ সালে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে দীর্ঘ ক্যারিয়ারে তিনি আর্মর্ড কর্পসের যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, গা’আশ ফরমেশনের কর্মকর্তা এবং ২১০ নম্বর ‘হাবাশেন’ ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের সময় তিনি জাতীয় পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার ছিলেন। ওই দিন দক্ষিণ ইসরায়েলের স্দেরোতে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।পরে ২০২৪ সালের এপ্রিলে তিনি নেতানিয়াহুর কার্যালয়ে সামরিক সচিব হিসেবে যোগ দেন। এর আগে শিন বেতের প্রধান হিসেবে ধর্মীয় জায়নিস্ট পটভূমির ডেভিড জিনিকে নিয়োগ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নেতানিয়াহু। এবার মোসাদের প্রধান পদেও তিনি তার জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির ঘনিষ্ঠ একজনকে বেছে নিলেন।গফম্যান ধর্মীয় ইহুদিদের মতো ইয়ারমুলকে পরেন না, তবে তিনি পশ্চিম তীরের এলি যেশিভায় পড়াশোনা করেছেন—যা ডানপন্থী ধর্মীয় জায়নবাদী মতাদর্শের কেন্দ্র হিসেবে পরিচিত।ডেভিড জিনির মতো গফম্যানও মোসাদ সংস্থার ভেতর থেকে উঠে আসেননি। তবে তার নিয়োগ জিনির মতো বড় কোনো রাজনৈতিক বিতর্ক তৈরি করেনি।ইসরায়েলের বামপন্থী পত্রিকা হারেৎজের কলামিস্ট উরি মিসগাভ সমালোচকদের মধ্যে অন্যতম। তিনি গোয়েন্দা অভিজ্ঞতার অভাবের কারণে গফম্যানকে ‘মোসাদের প্রধান হওয়ার অযোগ্য’ বলে মন্তব্য করেন। তার মতে, গফম্যানকে বেছে নেওয়ার মূল কারণ নেতানিয়াহুর প্রতি তার ব্যক্তিগত আনুগত্য।