জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি প্রায় ২৬ লাখ টাকার সমপরিমান ভারতীয় অবৈধ কাপড় উদ্ধার করেছে। ২৪ ডিসেম্বর বুধবার দুপুরে জামালপুর-রৌমারী সড়কে উত্তর রহিমপুর নামক সড়কে সুন্দরবন কুরিয়ারের পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে কাপড় গুলো উদ্ধার করে বিজিবি। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঝাউডাঙ্গা বিজির নায়েক সুবেদার ফরমান আলী।
জানা যায়, দেওয়ানগঞ্জ থানার ঝাউডাঙ্গা ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি জামালপুর-রৌমারী সড়কে ১০৮০/৩ পিলার সংলগ্ন এলাকায় উত্তর রহিমপুর নামক স্থানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপভ্যানে তল্লাশি চালায়। তল্লাশিতে বিজিবি ২৫ লাখ ৬৫ হাজার টাকার সমপরিমান ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় কাপড় উদ্ধার করে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপভ্যানটি রৌমারি থেকে ঢাকায় যাচ্ছিলো। সুন্দরবন কুরিয়ারের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার এজেন্ট কুদ্দুস বিশ^াস কাপড় গুলো বুকিং করে ছিলেন।
এব্যাপারে ঝাউডাঙ্গা বিজির নায়েক সুবেদার ফরমান আলী জানান, কাপড় গুলো আটকের জব্দ তালিকা তৈরি করা হয়েছে। তবে কোন মামলা হয়নি এবং কাপড় বহনকারী পিকআপভ্যানও আটক হয়নি। তবে বুকিং এজেন্টকে ডাকা হয়েছিলো তিনি আসেননি।
এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল ইসলাম বুধবার সন্ধ্যায় জানান, জব্দকৃত মালামাল গুলো বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।