গুমখুনের শিকার ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠনে সক্ষম হলে শহীদ পরিবারদের নামে দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে।’
তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা গুম হয়েছেন, যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাক্সক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারে না।’
অনুষ্ঠানের শুরুতেই গুমের শিকার সন্তানের মা এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে কান্না শুরু করেন সেই মা। তারেক রহমান তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও কাঁদেন। এ সময় তাঁকে বারবার টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। তারেক রহমান বলেন, ‘কোনো কৌশলের নামে বিএনপি নেতা-কর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সব সময় থাকবে। রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারে না। সব শহীদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে বিএনপি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।’ বিগত সরকার আমলে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মামলা ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত-এমন মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। যারা বিগত সময়ে নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। গুমখুন ও নানান নির্যাতনের শিকার হয়েও বিএনপি নেতা-কর্মীরা রাজপথ ছাড়েননি।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘কেউ কেউ নানান কথা ও অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।’
তারেক রহমান বলেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরির চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়।’
প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান ও তাঁর পরিবার। গতকাল তারেক রহমানের পক্ষে প্রধান উপদেষ্টার হাতে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেল জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে ড. ইউনূসের হাতে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে লামিয়া ইউনূস উপস্থিত ছিলেন।