লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় মোহাম্মদ আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। শাহ আলম, পরানসহ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোঃ আনোয়ার হোসেনের বসতঘরে হামলা চালায়।
জানা যায়, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে আসবাবপত্র তছনছ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনার সময় আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে আনোয়ারের ছেলে আল আমিন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ফাঁড়ির এএসআই অশোক সেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী আঃ আনোয়ার হোসেনের পরিবার জানায়, গত তিন বছর ধরে অভিযুক্ত শাহ আলম তাদের সম্পত্তি দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আনোয়ার হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি বসতঘর নির্মাণ করেন। এরই জেরে শাহ আলম এই হামলা চালিয়েছে বলে দাবি আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান।
অভিযুক্ত শাহ আলম বলেন। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যে এই যায়গা আমার দখলে এবং আনোয়ারের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা করেছি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (আইসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।