আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, ‘যারা এ দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোনো মহল, এই দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।
তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে।’
তিনি সিলেটের গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, ‘আপনাদের ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি।২৪-এর গণ আন্দোলনে, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে ১৩ জন আমাদের জীবন দান করেছে। ১৩টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই-বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রী মহল এর ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’