বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, একটি নিরাপদ রাষ্ট্র চায়, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য চালাতে পারবে এবং রাস্তাঘাটে চলাচল করতে পারবে।শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।তারেক রহমান বলেন, ‘আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন? মা-বোনেরাসহ ভোর রাতে জেগে থাকা আপনাদের সবার চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে—একটা পরিবর্তন। ভালো চাচ্ছে বাংলাদেশের মানুষ।
১৫ বছর পর ভোটের সুযোগ, সঠিক সিদ্ধান্তের আহ্বানগত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচনী জনসভা হয়নি এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘যে মানুষগুলোর ত্যাগ ও জীবনের মাধ্যমে আমরা আগামী মাসের ১২ তারিখ নির্বাচনের সুযোগ পেয়েছি, সেই নির্বাচনে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রকে মেরামত করতে হলে এবং দেশকে সঠিকভাবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার
তারেক রহমান বলেন, ‘এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসঙ্গে শান্তিতে বসবাস করছে। আগামী দিনেও আমরা মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।
যুব সমাজের কর্মসংস্থান ও নতুন শিল্প গড়ার পরিকল্পনা
বিএনপি সরকার গঠন করলে কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করলে চলবে না। নতুন শিল্প গড়ে তুলতে হবে, যাতে আরও মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে, যাতে তারা বেশি বেতনে কাজ করতে পারে। আবার যারা দেশে থাকতে চায়, তারা যেন নিজেরাই ব্যবসা শুরু করতে পারে—সে জন্য প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হবে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ঘোষণা
বিএনপির চেয়ারম্যান জানান, গ্রামেগঞ্জে বসবাসরত কোটি কোটি মা-বোনের মধ্যে যেসব পরিবার আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, তাদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে অভাবী পরিবারগুলোকে সহায়তা করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক পাবেন এবং ঋণ ও বীমা সুবিধার আওতায় আসবেন।’
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি
তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে কৃষকরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়। এ সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি চালু করা হবে।
ভোট চুরি ও ষড়যন্ত্রের অভিযোগ
তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তিনি বলেন, ‘একজন ষড়যন্ত্র করেছে, আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘সবাই তাহাজ্জুদ নামাজ পড়বেন, ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন। ধানের শীষ সরকার গঠন করলে আমরা প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করতে পারব।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
টানা জনসভা শেষে আড়াইহাজারে সমাবেশ
এর আগে তারেক রহমান সিলেট, মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীর একাধিক জনসভায় অংশ নেন। সর্বশেষ তিনি আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠের জনসভায় যোগ দেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..