জানুয়ারির শেষ দিনে পরিবারের এই নতুন অতিথিদের আগমনের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রাম চরণের বাবা ও প্রবীণ অভিনেতা চিরঞ্জীবী।তিনি জানান, মা ও দুই নবজাতক বর্তমানে সুস্থ আছেন।রাম চরণ ও উপাসনা বিয়ের পর দীর্ঘ ১০ বছর কোনো সন্তান নেননি। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেড় বছর আগে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান ক্লিন কারা কোনিডেলা। সেই রেশ কাটতে না কাটতেই এবার যমজ সন্তানের আগমনে কোনিডেলা পরিবারে আনন্দ এখন আকাশচুম্বী।যদিও তারা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার সন্তান হওয়ার ঘোষণা দেননি, তবে গত দীপাবলিতে উপাসনা একটি পোস্টে লিখেছিলেন, এ বছরের দীপাবলিতে আমাদের খুশি দ্বিগুণ। তার সেই বার্তার মাধ্যমেই ভক্তরা যমজ সন্তানের ইঙ্গিত পেয়েছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, নবজাতকদের এবং স্ত্রীর পাশে থাকার জন্য অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেবেন রাম চরণ। সন্তানদের সাথে সময় কাটিয়ে তবেই তিনি আবার ক্যামেরার সামনে ফিরবেন।