ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা। রোববার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সালমান আগা স্পষ্ট করে জানান, বিষয়টি পুরোপুরি সরকারের এবং ক্রিকেট বোর্ডের এখতিয়ারভুক্ত। খেলোয়াড়দের হাতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত নয়। সরকার ও বোর্ড যা নির্দেশ দেবে, আমাদের সেটাই মানতে হবে। এখানে ব্যক্তিগত মতের কোনো জায়গা নেই।’
পাকিস্তান সরকারের এই অবস্থানের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ ইস্যুকে।নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথে হাঁটছে বলে ধারণা করা হচ্ছে।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।
গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজন করা হচ্ছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে।এর আগে রোববার অস্ট্রেলিয়াকে ১১১ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় পাকিস্তান।
এ ক্যাটাগরির আরো নিউজ..