যশোরের শার্শা উপজেলায় ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে চলছে শেষ মূহুর্তের ভোটগ্রহণ। বিশেষ করে নারী ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি কেন্দ্রে প্রাণচাঞ্চল্য বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নারী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকেই নারীদের দীর্ঘ লাইন দেখা যায়।
শুধু এই কেন্দ্র নয়, বিভিন্ন কেন্দ্র ঘুরে একই চিত্র পাওয়া গেছে।কাশিপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মাসুদ জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৯৮৭ জন এবং পুরুষ ২ হাজার ২৭ জন।
সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভিড় বাড়তে থাকে।
প্রিজাইডিং কর্মকর্তাদের তথ্যমতে, দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৫১ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সীমান্তবর্তী যশোর—১ (শার্শা) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতের মাওলানা আজীজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ বখতিয়ার রহমান এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল।
এ আসনে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। মোট ভোটকেন্দ্র ১০২টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ১ লাখ ৫৫ হাজার ৮২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯১২ জন।
এর মধ্যে পুরুষ ১ হাজার ৯১৬ জন এবং নারী ১ হাজার ৯৯৫ জন। পুটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৬৪৯ জন, যার মধ্যে পুরুষ ২ হাজার ২৮৬ জন। পুটখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ৩৬৩ জন। পিকে রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮২ জন, যার মধ্যে পুরুষ ১ হাজার ৫৫২ জন এবং নারী ১ হাজার ৫৩০ জন।এদিকে, বুধবার রাতে শার্শার বাঁগাচড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ জামায়াতের দুই কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আটক রাজু ও মিন্টু জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর রহমানের কর্মী বলে জানা গেছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ‘শার্শায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। কোথাও কোনো অনাকাঙি্ক্ষত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।’
এ ক্যাটাগরির আরো নিউজ..