সৌদি আরবে ইয়াবা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৩৬৪টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
সোমবার সকালে বিমানবন্দরের সি-২ বোর্ডিং ব্রিজে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় আনসার সদস্যরা তাকে আটক করেন।
আটক সাইদুল ইসলাম ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিমানে করে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।
আনসার সদর দপ্তরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিক-উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেভি লাগেজ গেট-৪ দিয়ে প্রবেশের পর সাইদুল ইসলাম নির্ধারিত কাউন্টারের ‘সি’ সারিতে চেক-ইন সম্পন্ন করেন। পরে বোর্ডিং ব্রিজ নম্বর সি-২-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য গেলে স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করেন।
পরে সিভিল সিকিউরিটি সদস্যদের মাধ্যমে ব্যাগটি তল্লাশি করলে ভেতর থেকে ইয়াবাসদৃশ বস্তু পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে গণনা করে মোট ৪ হাজার ৩৬৪টি ইয়াবা জব্দ করেন।
পরে এয়ারলাইনস কর্তৃপক্ষ ওই যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।