যুদ্ধের ফলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কি না, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না জানতে চাইলে রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বলেন, ‘এটি একটি যৌক্তিক প্রশ্ন এবং উত্তরটি সহজ হতে পারে। আমরা প্রতিবেশী এবং আমরা একে অপরকে ছাড়া চলতে পারি না।তাই আমাদের সম্পর্ক গুরুত্ব সহকারে পর্যালোচনা করা প্রয়োজন।’তিনি বলেন, ‘গত পাঁচ দশকে এই অঞ্চলে যা ঘটেছে , তা মূলত বহির্মুখী দৃষ্টিভঙ্গি এবং বাইরের শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার ফলাফল। এ কারণে অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ এবং শক্ত করা দরকার।
সৌদি তেল খাতে হামলার জন্য ইরান দায়ী নয়
সৌদি আরবের তেল স্থাপনাগুলোর ওপর হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তা এনায়াতি। এর মধ্যে পূর্ব উপকূলে রাস তানুরা শোধনাগার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে মরুভূমিতে অবস্থিত শায়বা তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টার ঘটনাও রয়েছে।
তিনি বলেন, ‘এই হামলার জন্য ইরান দায়ী নয়। যদি ইরান এসব হামলা চালাত, তাহলে তারা তা প্রকাশ করত।’ এমন মন্তব্য করলেও তবে হামলা আসলে কারা করেছে তা তিনি বলেননি। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতেও এসব পৃথক ঘটনার জন্য কাউকে দায়ী করা হয়নি। এনায়াতি দাবি করেন, ইরান শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তু ও স্বার্থের ওপরই হামলা চালাচ্ছে।
তিনি আরো বলেন, তিনি নিয়মিত সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। ধর্মীয় তীর্থযাত্রায় সৌদি আরবে আসা ইরানিদের ফিরে যাওয়া এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সৌদি আরব সহযোগিতা করছে।
তিনি বলেন, তাদের স্থল, আকাশ ও সমুদ্রপথ ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না, সৌদি আরব তা প্রকাশ্যে জানিয়েছে। এ বিষয়ে তেহরান রিয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এই আলোচনা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, এই যুদ্ধ ইরান ও পুরো অঞ্চলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার মতে, সংঘাত শেষ করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের হামলা বন্ধ করতে হবে এবং আঞ্চলিক দেশগুলোকে এই সংঘাতে জড়ানো যাবে না। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন হামলা না হয়, সে জন্য আন্তর্জাতিক নিশ্চয়তা দরকার। তিনি বলেন, ‘শুধু তখনই আমরা একটি সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার দিকে মনোযোগ দিতে পারব।’