দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগকারী শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন উত্তরা অফিসার্স ক্লাব।বৃহস্পতিবার (২৬ মার্চ) উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে রাজধানীর উত্তরা সেক্টর ১৫-এ অবস্থিত উত্তরা অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে ছিল আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন। এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং বক্তব্যের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। তারা বলেন, স্বাধীনতা কোনো একদিনের অর্জন নয়—এটি রক্ষা করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তারা তরুণদের উদ্দেশ্যে বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
এছাড়া উত্তরা অফিসার্স ক্লাবের সদস্যরাও বক্তব্য দেন। তারা বলেন, জাতীয় দিবসগুলো কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর প্রকৃত তাৎপর্য বুঝে কাজ করতে হবে। দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে একসাথে ভোজনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
উত্তরা অফিসার্স ক্লাবের সদস্যরা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের শুধু গর্বের নয়, দায়িত্বেরও প্রতীক। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই হবে আমাদের মূল করণীয়।