জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু সদস্যের ‘অশোভন আচরণের’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে ‘শালীন পরিবেশ’ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি সংসদ সদস্যদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।রবিবার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তা আমার বিবেককে নাড়া দিয়েছে। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।
তিনি আরো বলেন, ‘সংসদের শুরুতেই আমরা একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু বারবার আহ্বান জানানোর পরও এ ধরনের অশোভন আচরণ অব্যাহত থাকায় আমি অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সকল সংসদ সদস্যকে কার্যপ্রণালী বিধি অনুসারে শিষ্টাচার বজায় রেখে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
এ ক্যাটাগরির আরো নিউজ..