মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে রবিবার (১৯ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ ৪৫ মিনিট টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২০ এপ্রিল) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।রয়টার্সের তথ্যমতে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত কয়েক দিনে সৌদি আরব, কাতার ও তুরস্কের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেসব আলোচনার নির্যাস তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে শেয়ার করেন।
শাহবাজ শরিফ জানান, বিশ্ব নেতাদের সঙ্গে তার এই যোগাযোগ একটি টেকসই কূটনৈতিক প্রক্রিয়া ও সংলাপের পথ প্রশস্ত করতে সহায়ক হয়েছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসলামাবাদে গত ১১ ও ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ঐতিহাসিক শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন শাহবাজ শরিফ।
ওই আলোচনায় ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। এ ছাড়া পাকিস্তানের সেনাপ্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরের সময় ফলপ্রসূ আলোচনার জন্যও ইরানি নেতৃত্বকে ধন্যবাদ জানান।
শাহবাজ শরিফ ইরানি প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন যে, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে একটি নিরপেক্ষ এবং আন্তরিক ‘ফ্যাসিলিটেটর’ বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতায় এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থায়ী শান্তি ফেরাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রচেষ্টায় পাকিস্তানের দৃঢ় ভূমিকার জন্য শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে ইরান ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..