চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
আজ বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শেখ আলী আহমেদ খোকন।জামিন আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯(৫) ধারা অনুসারে এক বছরের মধ্যে মামলার আনুষ্ঠানিক তদন্ত শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে ট্রাইব্যুনাল চাইলে আসামিকে জামিন দিতে পারেন।তৌফিক-ই- এলাহী দেড় বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে আছেন। ফলে তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন।
একই আইনের ৩৭ ধারার বিধান তুলে ধরে আবেদনে বলা হয়েছে, অভিযুক্তকে আদালতে উপস্থাপন করার সময় তাঁর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, দলিল, সাক্ষ্য, ঘটনা উপস্থাপনে প্রসিকিউশন আপাতদৃষ্টিতে ব্যর্থ হলে আদালত তাঁকে অভিযোগ থেকে অব্যাহতিও দিতে পারবে। তা ছাড়া তৌফিক-ই-এলাহী চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা।
তার বয়স ৮৪ বছর। ডায়াবেটিক ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠন করার প্রাক্কালে মেহেরপুরে মহকুমা প্রশাসক হিসেবে মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছেন। এসব বিবেচনায় তিনি জামিন পেতে পারেন।আইনজীবী শেখ আলী আহমেদ খোকন কালের কণ্ঠকে বলেন, ‘জামিন আবেদনের ওপর আগামী ২৬ এপ্রিল শুনানি হতে পারে।’
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১১ সেপ্টেম্বর তৌফিক-ই-এলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই বছর ২৭ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির তদন্ত চলছে। তৌফিক-ই-এলাহী চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ৮ মে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এ ক্যাটাগরির আরো নিউজ..