ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় ঢাবি ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। মিছিলটি ছিল স্বল্প সময়ের। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।