ব্যবসা-বাণিজ্যে মন্দা। রাজস্ব আদায়ে শ্লথগতি।তাই লক্ষ্য পূরণে রাজস্ব খাতে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে লেখা এক চিঠিতে এ বিষয়টি তুলে ধরেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত সুপ্রিম কোর্টে হাইকোর্ট ও আপিল বিভাগে আয়কর অনুবিভাগের মামলায় জড়িত করের পরিমাণ প্রায় ৩৫ হাজার ১৬৭ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে শুধু হাইকোর্ট বিভাগে বিচারাধীন ১৬টি মামলায় আটকে আছে ১৩ হাজার ৭২৫ কোটি টাকা।চিঠিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এই মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা গেলে চলতি অর্থবছরের প্রত্যক্ষ রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।’
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুল্ক-কর আদায়ে ঘাটতি এক লাখ চার হাজার ৫৩৩ কোটি টাকা। যা যেকোনো সময়ের বিবেচনায় রেকর্ড রাজস্ব ঘাটতি। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এনবিআরের শুল্ক-কর আদায়ের লক্ষ্য ছিল চার লাখ ৩১ হাজার ৪৬১ কোটি টাকা।
এ সময়ে আদায় হয়েছে তিন লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা।এই সময়ের মধ্যে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর—এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জিত হয়নি। তবে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা। এরপর ভ্যাটে ঘাটতি ৩৫ হাজার ৩০৮ কোটি টাকা।
আর শুল্ক আদায়ে ঘাটতি ২৫ হাজার ১৯৩ কোটি টাকা।সংশোধিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে এনবিআরকে পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা আদায় করতে হবে। এর মানে হলো লক্ষ্য অর্জনে চলতি মে ও জুন মাসে পৌনে দুই লাখ কোটি টাকা আদায় করতে হবে। সে হিসেবে প্রতি মাসে আদায় করতে হবে গড়ে ৮৮ হাজার কোটি টাকা।চিঠিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চলতি অর্থবছরের শেষ দুই মাসে প্রত্যক্ষ করের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য হাইকোর্ট বিভাগে বিচারাধীন সর্বোচ্চ রাজস্ব জড়িত মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা প্রয়োজন। এই মামলাগুলো দ্রুত শুনানি ও নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে আপনার হস্তক্ষেপ কামনা করছি।’জানা গেছে, ১৪টি প্রতিষ্ঠান ও দুজন ব্যক্তির করা মামলায় ১৩ হাজার ৭২৫ কোটি টাকা আটকা আছে। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, তিতাস গ্যাস, ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার, ইউনাইটেড এনার্জি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, এক্সিম ব্যাংক, তমা কনস্ট্রাকশন অন্যতম।
এ ক্যাটাগরির আরো নিউজ..