আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (১৪ জুন) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সোম ও মঙ্গলবার (১৫-১৬ জুন) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই তিন দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বুধ ও বৃহস্পতিবার (১৭-১৮ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়। এ ছাড়া ফেনী ও চট্টগ্রামের আমবাগানে ৭০ মিলিমিটার, রাঙামাটিতে ৬৮ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার, রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৫ মিলিমিটার, ঢাকায় ৪৩ মিলিমিটার এবং কক্সবাজারের কুতুবদিয়ায় ৩০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।