ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন বলেছেন, যারা আগামী কমিশনার ও কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চান, তাদের এখন থেকেই জনসেবামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় হওয়া উচিত। এতে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের পাশের এলাকায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আফাজ উদ্দিন বলেন, শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া উচিত। এতে নাগরিক সচেতনতা বাড়বে এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সহজ হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করা হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বনায়নের কোনো বিকল্প নেই।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।