মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
আপসহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় মদন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, যুববিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে গণতন্ত্রের মডেল হিসেবে পরিচিত হয়েছেন।’
আঃ লতিফ মোতাহার
মদন, নেত্রকোনা