খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি, দস্যুতা মামলার আসামি এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
কেএমপির তথ্য অনুযায়ী, খানজাহান আলী থানা পুলিশ ফকিরহাট, বাগেরহাটের বিজ্ঞ সহকারী জজ আদালতের সিআর নং-৭২/২৬ মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান (৫০)-কে মাত্তমডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড কাঁচাবাজার এলাকা থেকে সিআর নং-৫৭৭/১৮ মামলায় ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ সহিদুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করে।
লবণচরা থানা পুলিশ পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানা নং-৭৫/২৫ মূলে ৩ মাসের সাজাপ্রাপ্ত মোঃ আতিয়ার রহমান মল্লিক (৫৯) এবং জিআর নং-১৩৭/২৪-এর পরোয়ানাভুক্ত জুবায়ের আল মামুন আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ (২২)-কে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
এদিকে দৌলতপুর থানা পুলিশ জিআর নং-৬৯-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোঃ মিরাজ শেখ (২৯)-কে মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
খালিশপুর থানা পুলিশ পৃথক অভিযানে নড়াইলের কালিয়া থানার সিআর নং-১৭২/২৫(কে) মামলার পরোয়ানাভুক্ত মোঃ সালাউদ্দিনকে খালিশপুর থানাধীন তার বাসা থেকে গ্রেপ্তার করে। একই থানা পুলিশ দস্যুতা মামলায় অভিযুক্ত মোঃ হৃদয় (২০)-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা রয়েছে।
মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার
কেএমপির মাদকবিরোধী অভিযানে দৌলতপুর থানা পুলিশ মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার মাইলপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ ফিরোজ ব্যাপারী (৪৫) ও সাইফুল ইসলাম হাওলাদার (৪৩)-কে গ্রেপ্তার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
খুলনা সদর থানার রূপসা পুলিশ ফাঁড়ি রূপসা ওয়াবদা বেড়িবাঁধ কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাশেদ খন্দকার (৩২)-কে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে আরও চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
এছাড়া খুলনা সদর থানা পুলিশ ৪ নম্বর ফুডঘাট এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ সাগর সর্দার (২৮)-কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে কেএমপি গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া কবরখানার পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হারুন-অর-রশিদ ওরফে পান্না (৩৮)-কে গ্রেপ্তার করে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ৩টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এছাড়া খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া সরকারপাড়া এলাকা থেকে অর্থঋণ আদালতের সিআর অর্থঋণ জারী-১৮/২১ (বাগেরহাট) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খন্দকার আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেএমপি।