উৎপাদনশীলতা বাড়াতে সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধের তাগিদ শিল্পমন্ত্রীর
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন:
দেশের উৎপাদনশীলতা বাড়াতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের মধ্যে কাজের পুনরাবৃত্তি বা ‘ওভারল্যাপিং’ বন্ধের তাগিদ দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি : চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ তাগিদ দেন।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, “উৎপাদনশীলতা বৃদ্ধি একটি নীতিগত বিষয়। এডিপির আওতায় একই ধরনের কার্যক্রম সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চলমান থাকলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন ব্যাহত হয়।”
প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নতুন প্রকল্প প্রস্তাব পাওয়ার পরপরই বিদ্যমান অন্য কোনো প্রকল্পের সঙ্গে উদ্দেশ্য ও কার্যক্রমের মিল আছে কিনা, তা যাচাই করা সম্ভব। এতে সরকারি ব্যয়ের অপচয় কমার পাশাপাশি বাস্তবায়নের অদক্ষতা দূর হবে।
বৈশ্বিক অর্থনীতির প্রতিযোগিতার চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। কৃত্রিমভাবে বাজার সুরক্ষা দিয়ে না রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্প খাতকে নিজস্ব প্রতিদ্বন্দ্বিতামূলক সক্ষমতা অর্জন করতে হবে।
তৈরি পোশাক খাতের উদাহরণ দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, কম শিক্ষিত হয়েও প্রযুক্তি ও সঠিক প্রশিক্ষণ পেয়ে দেশের সাধারণ পোশাকশ্রমিকরা উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয়েছেন। ফলে আমাদের মূল ঘাটতি শুধু দক্ষতার জায়গায় নয়; বরং সঠিক পরিকল্পনা, কার্যকর প্রযুক্তি ব্যবহার ও জবাবদিহিমূলক নেতৃত্বের অভাবই এখানে বড় চ্যালেঞ্জ।
গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক, এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক ও এনপিওর মহাপরিচালক মোহা. নায়েব আলী।