দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) ১৭তম সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এসব বৈঠকে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়েও আলোচনা হয়েছে।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, সৌদি আরবের মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানিবিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা চান প্রতিমন্ত্রী। জবাবে সৌদি মন্ত্রী বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা আরো জোরদারের আশ্বাস দেন।
এ লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রতিনিধি বিনিময় ও সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। তিনি হামলার নিন্দা জানান এবং নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।
কাতারের সঙ্গে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা
কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কাতারএনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি সংগ্রহ এবং আমদানির উৎস ও রুট বৈচিত্র্যময় করার বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহ
এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধি দল ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..