তিনি বলেছেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি চিকিৎসা খাতে নিজেদেরও নতুন নতুন উদ্ভাবন করতে হবে।সোমবার (১২ অক্টোবর) রাজধানীর নীলক্ষেতে জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমিতে (এনএপিডি) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের ১৩৮তম ও ১৩৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই কোর্সে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতালের মাধ্যমে উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী কয়েক বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাদের শহরমুখী হওয়ার প্রয়োজন কমবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএপিডির অতিরিক্ত মহাপরিচালক সায়মা আফরোজ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ইসমাইল জবিউল্লাহ। এ ছাড়া প্রশিক্ষণে পুরস্কার বিজয়ীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
এনএপিডির মহাপরিচালক মো. খায়রুল কবির মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে একাডেমির অনুষদ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।